বনানী রাজউক মাঠে ই-ক্যাব সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট

১৩ ডিসেম্বর, ২০২২ ১২:০৮  
ডিজিটাল বাংলাদেশ দিবসে ‘ডিজিটাল পল্লী’ উদ্যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে হ্যাট্রিক সম্মাননা গ্রহণের পর এবার ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট করছে ই-ক্যাব। ওহসোগো ব্র্যান্ডের সৌজন্যে গ্রুপ পর্বের এই সেভেন এ সাইড টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল। একদিনের টুর্নামেন্টে স্থানীয় ঐতিহ্যকে ধারণ করে নিজেদের বিভাগের পতাকা বহন করছে প্রতিটি দল। মঙ্গলবার পড়ন্ত দুপুরে রাজধানীর বনানীর রাজউক মাঠে টুর্নামেন্টের প্রথম খেলায় মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমালের ঢাকা বাকরখানির প্রতিদ্বন্দ্বীতা করবে মোহাম্মাদ সাহাবুদ্দিনের চট্টগ্রাম মেজবান। দ্বিতীয় ম্যাচে মোহাম্মাদ ইলমুল হকের সিলেট সাতকড়া লড়বে আসিফ আহনাফের রংপুর হাড়িভাঙ্গা’র বিপক্ষে। পরের ম্যাচে মুখোমুখি হবে সৈয়দা আম্বারীন রেজার বরিশাল ইলিশ ও শাহরিয়ার হাসানের রাজশাহীর কালাই। শেষ ম্যাচে নাসিমা আক্তার নিশার ময়মনসিংহ মণ্ডা প্রতিদ্বন্দ্বিতা করবে মোঃ সাঈদুর রহমানের খুলনা চুই ঝালের সঙ্গে। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সের মধ্যে সেমিফাইনাল পর্বে নিজেদের নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে মাঠে গড়াবে শিরোপানির্ধারণী ম্যাচ। সন্ধ্যায় ই-ক্যাব সভাপতি শমী কায়সারের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ই-ক্যাব উপদেষ্টা সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মোঃ নজরুল ইসলাম খান।